কৃষকদের কাছ থেকে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে টিএসপি (TSP) সার বিক্রি করার অপরাধে জামালপুরের মাদারগঞ্জে মেসার্স এস এন ট্রেডার্স নামের এক সার ডিলারকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১২সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাজিতের পাড়া এলাকায় অভিযান চালিয়ে এই অর্থদণ্ড প্রদান করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী।
স্থানীয় সূত্র জানায়,বাজিতের পাড়া এলাকার বিএডিসি অনুমোদিত সার ডিলার মেসার্স এস এন ট্রেডার্স-এর প্রোপ্রাইটর মনতাজুর আলী দীর্ঘদিন ধরে অতিরিক্ত দামে সার বিক্রি করে আসছিলেন। কৃষকদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন উক্ত প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। ঘটনার সত্যতা পাওয়ায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর সংশ্লিষ্ট ধারায় ডিলারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে মাদারগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাবিবুর রহমানসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও সুমন চৌধুরী জানান, "কৃষকদের স্বার্থ রক্ষায় এবং বাজারে সারের সঠিক মূল্য নিশ্চিত করতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।"