মানবাধিকার সুরক্ষা, নিপীড়িত মানুষের অধিকার আদায়, আইনি সচেতনতা বৃদ্ধি এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মানবাধিকার সংগঠন "হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ" এর উপজেলা কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নবগঠিত উপজেলা কমিটির নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে "হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ" বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত তহসিলদার মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও তরুণ সমাজসেবক শামসুল কবির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ ছবাব মিয়া।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন "হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ" সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবু সঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আমিন উদ্দিন, সমাজকর্মী শাহ শ্যামল নাজীম, সহ-সভাপতি মাওলানা মোঃ ফারুক আহমেদ, মজিবুর রহমান মাফিজ, সাধারণ সম্পাদক মোঃ জুনাব আলী ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। এছাড়া উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম খন্দকার, সাংগঠনিক সম্পাদক কপিল উদ্দিন আখঞ্জী এবং শিক্ষা বিষয়ক সম্পাদক চয়ন কান্তি দাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে নবগঠিত উপজেলা কমিটির নেতৃবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে কমিটির অভিষেক ঘোষণা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোঃ ছবাব মিয়া বলেন, মানবাধিকার রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার মানুষের পাশে থেকে সংগঠনটির কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
প্রধান বক্তা মোঃ আবু সঈদ বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের অন্যতম লক্ষ্য। তিনি সংগঠনের উপজেলা কমিটির নেতৃবৃন্দকে আইন ও নীতিমালা মেনে মানবিক ও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান। তিনি সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন খান এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
সভাপতির বক্তব্যে মোঃ নুরুল ইসলাম বলেন, সংগঠনটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়; মানবাধিকার ও ন্যায়বিচারের পক্ষে কাজ করবে। বিশ্বম্ভরপুর উপজেলায় কোনো মানুষ যেন তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য শুধু সংগঠন গঠন করাই যথেষ্ট নয়; মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আইন সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা এবং অন্যায়-অনিয়মের ক্ষেত্রে আইনানুগ প্রক্রিয়ায় সহযোগিতা করাও গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বক্তারা বিশ্বম্ভরপুর উপজেলার মানবাধিকার পরিস্থিতি, সাধারণ মানুষের আইনি সচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের অধিকার সুরক্ষায় বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। পরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। দেশ, জাতি ও সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।