ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় ডাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেন, ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস. এম. ফরহাদ ও এজিএস মুহা. মহিউদ্দিন খান উপস্থিত ছিলেন।
সভায় ডাকসুর পরবর্তী সেশনের নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে জোরালো আলোচনা হয়। ডাকসুর পরবর্তী নির্বাচন যথাসময়ে আয়োজন এবং এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে সভায় মতামত তুলে ধরেন সদস্যরা। একই সঙ্গে হল সংসদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
কার্যনির্বাহী পরিষদের সভায় চলমান সেশনে ডাকসুর বিভিন্ন কার্যক্রমের সার্বিক অগ্রগতি ও বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়। সভায় ডাকসুর চলমান কার্যক্রমের সার্বিক চিত্র ও বাস্তবায়িত উদ্যোগগুলো তুলে ধরেন ভিপি আবু সাদিক কায়েম। বিভিন্ন সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য তাদের দায়িত্বাধীন কার্যক্রম, বাস্তবায়িত কাজ, চলমান উদ্যোগ নিয়েও সভায় আলোচনা করেন। এ ছাড়া ডাকসুর চলমান সেশনের আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অডিট কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক জসীমউদ্দিন খান, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী, আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।
এ ছাড়া ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না, সর্ব মিত্র চাকমা, ইমরান হোসাইন, রায়হান উদ্দীন, উম্মে উসওয়াতুন রাফিয়া, মিফতাহুল হোসাইন আল মারুফ, তাজিনুর রহমান, রাইসুল ইসলাম, আফসানা আক্তার, হেমা চাকমা, বেলাল হোসেন অপু, শাহীনুর রহমান ও আনাস ইবনে মুনির সভায় উপস্থিত ছিলেন।